সিদ্ধার্থ অভিজিতের কবিতা

ওলেনা বাচা

তরুণ কবি সিদ্ধার্থ অভিজিৎ। তার কবিতার আত্মমগ্ন উচ্চারণে ধরা পড়ে ক্রান্তিকালের সরল প্রতিচ্ছবি। সময়চিহ্নিত একগুচ্ছ কবিতা প্রকাশিত হলো সহজিয়ার পাঠকদের জন্য। 

ছিন্ন পাতার স্বরলিপি

১

ঘুম পেলেই বাড়ি সবাই যায় না!

 

প্যাটার্ন লকে বাঁধানো সংসার,

প্যাটার্ন ভাঙার পাসওয়ার্ড গেছি ভুলে!

শাঁখের করাতে কাটতে পারছি না।

 

২

টেবিল ক্যালেন্ডারের পুরনো পাতার মতো

অনেকদিন তোমাকে উল্টে দেখা হয়নি!

তুমি প্রচণ্ডভাবে ডুবে আছো—

ডুবসাঁতার দিচ্ছো হয়তো!

‘মরচে পড়া ঘড়িতে আটকে থাকে না সময়’—

এ গভীর ঘড়িতত্ত্ব আমাকে এতিম  করেনি।

 

কালো আস্তিনে মোড়ানো পবিত্র পুস্তক

কোনোদিন আমাকে স্বীকৃতি দেবে না জেনে

জীবনকে কোয়ারেন্টাইনের হাতে সঁপে দিতে গিয়ে

আচমকা ভুল ভেঙে দাঁড়িয়েছি ফিরে।

এ অন্ধ পৃথিবী রঙিন চশমার পর্দা

নারীর সতীচ্ছেদের মতো ছিঁড়ে

দেখতে পায়নি কিছু — না দেখলো!

 

তুমি আমার অনটাইম কাপে কফির উষ্ণ চুমুক!

 

৩

বইটা বুড়ো হয়ে গেছে।

ঠাকুরদার বৃদ্ধ চুলের মতো

বই থেকে একে একে খসে পড়ছে পাতা।

বাঁধুনি ছিঁড়ে গেছে;

নির্মোহতায় পাতাদের ছিন্ন স্বরলিপি!

 

ধরে নাও পাতাগুলো

তুমি, আমি ও আমরা।

3 মন্তব্যসমূহ

  1. ‘সহজিয়া’কে আন্তরিক ধন্যবাদ।

  2. কবিতাগুলো পড়ে অনুভব করতে চেষ্টা করলাম আপনার হৃদয়-পাঠ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here